Joy Jugantor | online newspaper

আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতি গ্রহণযোগ্য হবে না: বিজিবি মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতি গ্রহণযোগ্য হবে না: বিজিবি মহাপরিচালক

আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতি গ্রহণযোগ্য হবে না: বিজিবি মহাপরিচালক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে দিকে লক্ষ্য রেখে নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করতে বিজিবি সদস্যদের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।বুধবার রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির একাধিক নির্বাচনী বেজক্যাম্প পরিদর্শনের সময় সেখানে থাকা বিজিবি সদস্যদের বাহিনীর মহাপরিচালক এমন নির্দেশনা দেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য হবে না। বিজিবির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির নির্বাচনী বেজক্যাম্প পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক নির্বাচনে বিজিবির সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবির অপারেশনাল সক্ষমতা সরেজমিন পর্যালোচনা করেন। একই সঙ্গে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সে সময় বিজিবির মহাপরিচালক বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারি, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সর্বোচ্চসংখ্যক টহল পরিচালনা এবং চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার নির্দেশও দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পাশাপাশি ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ করতেও তিনি আহ্বান জানান।