শরীয়তপুরে ৪১টি ধারালো অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৪১টি ধারালো অস্ত্রসহ বিকেনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে মজিবুর মাদবরকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার সঙ্গে থাকা রুমা আক্তার নামে এক নারীও আটক হন।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর একটি দল সদর আলী মাদবর কান্দি গ্রামের তার বাড়িতে চার ঘণ্টাব্যাপী অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে ৪১টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, নগদ টাকা, ভারতীয় রুপি, পিস্তলের কভার ও ম্যাগাজিনের কভার উদ্ধার করা হয়।
জাজিরা থানা সূত্র জানায়, বাড়িতে অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা সেনাক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক মোস্তাফিজুর রহমানের নামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার সংখ্যা যাচাই-বাছাই করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে যান। সম্প্রতি এলাকায় ফিরে শরীয়তপুর-১ আসনের বিএনপির প্রার্থী সাঈদ আহমেদের পক্ষে প্রচারণায় অংশ নেন।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
