৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ, অবিক্রিত সাকিব-মিরাজ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। বল হাতে আলো ছড়িয়ে শিকার করেছিলেন ১৩ উইকেট। তবুও এবারের মৌসুমে নিলামের আগে তাকে ছেড়ে দেয় লাহোর। তবে নিলামে ঠিকই দল পেয়েছেন এই টাইগার লেগ স্পিনার। তবে অবিক্রিত থেকে গেছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে বেশ কাড়া কাড়ির পর ৩ কোটি পাকিস্তানি রুপিতে রিশাদকে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় আসন্ন পিএসএলের নিলাম শুরু হয়। যেখানে দল পাওয়ার প্রত্যাশায় দেশি-বিদেশি ৯০৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করে। এর মধ্যে আছেন ৫৩ জন বাংলাদেশি ক্রিকেটার।তাদের মধ্যে সবার আগে নাম ওঠে মেহেদী হাসান মিরাজ। তবে তার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। পরবর্তীতে নাম তোলার পর রাওয়ালপিন্ডিতে ঠিকানা হয় রিশাদের। এই নিলামে অবিক্রিত থেকে গেছেন সাকিব আল হাসান। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। তাকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি।
