Joy Jugantor | online newspaper

বিশ্ববাজারের সঙ্গে দেশের বাজারেও কমলো স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:০১, ১৫ মে ২০২৬

বিশ্ববাজারের সঙ্গে দেশের বাজারেও কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারের সঙ্গে দেশের বাজারেও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের প্রভাবে স্থানীয় বাজারেও স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৮ হাজার ৪৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭০ হাজার ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫৫৫ টাকা। বাজুস জানিয়েছে, এই মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকারি ভ্যাট ও শ্রমমূল্য অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৪৯৫ টাকা, ২১ ক্যারেট ৪৭৫ টাকা এবং ১৮ ক্যারেট ৪০৫ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দাম কমিয়ে ভরিপ্রতি ৩০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।মূলত বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতনের কারণেই দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে।

স্পট মার্কেটে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৬১৯ দশমিক ৪৯ ডলারে অবস্থান করছে। ডলারের শক্তিশালী অবস্থান এবং উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক হয়ে পড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমেছে। এর ফলে এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম প্রায় ১.৯ শতাংশ হ্রাস পেয়েছে।আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতাও এই পরিস্থিতির ওপর প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি অচল হয়ে পড়ায় জ্বালানি তেলের দাম বেড়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠকের দিকে নজর রাখছেন বিশ্লেষকরা। তাইওয়ান ইস্যুসহ বিভিন্ন কূটনৈতিক উত্তেজনার মাঝে বিশ্ববাজারে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে।