নবান্ন উপলক্ষে দুপচাঁচিয়ায় বসেছে বিশাল মাছের মেলা
নতুন ধান ঘরে তোলার আনন্দে সারা দেশে যখন নবান্ন উৎসবের আমেজ, তখন বগুড়ার দুপচাঁচিয়ায় বসেছে ঐতিহ্যবাহী বিশাল মাছের মেলা। নবান্ন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দুপচাঁচিয়া মৎস্য আড়ত সমিতির আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।সোমবার (১৭ নভেম্বর) রাতে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম এবং মৎস্য সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আলম।এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, সমিতির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাত ৮টা থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সারি সারি পিকআপ, ভটভটি ও ট্রাকে করে বড় আকারের মাছ আসতে শুরু করে। রুই, কাতলা, সিলভার, ব্রিগেড, চিতল, পাঙ্গাশসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বড় মাছের সমারোহে পুরো এলাকা জমজমাট হয়ে ওঠে। দূর থেকেই ভেসে আসে মানুষের কোলাহল। মেলার কাছাকাছি গেলেই শোনা যায় মাছ বিক্রেতাদের হাঁকডাক। ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।রাতভর মাছ ওঠানামা এবং বুধবার দিনভর চলে মাছ কেনাবেচা। ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, এবারের মেলায় প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার মাছের সরবরাহ বেশি থাকায় দাম ছিল ক্রেতাদের নাগালের মধ্যে। মেলায় ২২ কেজি ওজনের কাতলা মাছ প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা এবং ১৭ কেজি ওজনের ব্রিগেড মাছ প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রির ডাক শোনা গেছে। তবে দুপুরের পর অধিকাংশ দোকানের মাছ শেষ হয়ে যাওয়ায় অবশিষ্ট মাছের দাম তুলনামূলক বেশি হতে দেখা যায়।
মাছ কিনতে আসা ক্রেতা চঞ্চল বলেন, “এবার নবান্নের মেলায় প্রচুর মাছ এসেছে, দামও মোটামুটি সহনীয়। আমি ৬ কেজি ওজনের কাতলা মাছ প্রতি কেজি ৫৫০ টাকা দরে এবং ব্রিগেড মাছ ৫০০ টাকা কেজি দরে কিনেছি।”আরেক ক্রেতা পৌর এলাকার শিবলু বলেন, “মনে হচ্ছে দাম একটু বেশি। আমি ৮ কেজি ওজনের কাতলা মাছ প্রতি কেজি ৬৫০ টাকা দরে কিনেছি।”মাছের মেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সিও অফিস বাসস্ট্যান্ড মৎস্য ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিসমিল্লাহ মৎস্য আড়তের পরিচালক ওমর ফারুক বলেন, “অনেক দিন ধরেই নবান্ন উপলক্ষে এখানে বড় মাছের মেলা বসে। রুই, কাতলা, চিতল, ব্রিগেড, সিলভার, কার্প, পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ এখানে ওঠে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি।”
সমিতির সাধারণ সম্পাদক ও আলম মৎস্য আড়তের পরিচালক আবু বক্কর সিদ্দিক আলম বলেন, “প্রতিবছরই আমাদের ঐতিহ্যবাহী এই মাছের মেলার পরিধি বাড়ছে। এ বছর মাছের আমদানি উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় দাম ছিল সহনীয়। তবে পর্যাপ্ত জায়গার অভাবে আমরা ক্রেতা-বিক্রেতাদের প্রয়োজনীয় সুবিধা দিতে পারিনি।”তিনি আরও বলেন, “উপজেলা ও পৌর প্রশাসন যদি একটি উপযুক্ত আড়তের জায়গা বরাদ্দ দিত, তাহলে আমরা আরও সুশৃঙ্খলভাবে মেলা পরিচালনা করতে পারতাম। একই সঙ্গে বহু বছরের ঐতিহ্য অক্ষুণ্ন রাখা সম্ভব হতো।”
