দুপচাঁচিয়ায় শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, ছুরি দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ
বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলী খাতুনের বিরুদ্ধে শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে মারধর, ছুরি দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও তার অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।গত ১৬ নভেম্বর সোমবার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার খাড়িয়া নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুবিব উল্লাহকে বেত্রাঘাত করেন সহকারী শিক্ষিকা শিউলী খাতুন। এতে শিক্ষার্থীর হাত কেটে রক্তাক্ত জখম হয়। অভিযোগ রয়েছে, আহত হওয়ার পরও তাকে চিকিৎসা নেওয়ার সুযোগ না দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চলাকালীন সময় পর্যন্ত বাড়ি যেতে দেওয়া হয়নি। পরে বাড়িতে গিয়ে শিক্ষার্থী তার বাবা সোহেল রানাকে বিষয়টি জানায়। এরপর সোহেল রানা ছেলেকে নিয়ে তালোড়া বাজারে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক শিক্ষার্থীর কাটা স্থানে দুটি সেলাই দিয়ে ব্যবস্থাপত্র দেন।এ ছাড়া ওই শিক্ষিকার বিরুদ্ধে ছুরি বের করে ভয়ভীতি প্রদর্শন এবং ছুরির বাট দিয়ে শিক্ষার্থীদের মারধরের অভিযোগও রয়েছে।
ঘটনার পরদিন ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের কাছে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মৌখিক অভিযোগ করেন।নির্যাতিত শিক্ষার্থীর বাবা সোহেল রানা বলেন, “শিক্ষকের শাসন করার অধিকার রয়েছে। কিন্তু রক্তাক্ত জখম করার অধিকার কোনো শিক্ষকের নেই। ভবিষ্যতে যেন বিদ্যালয়ে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্যই অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।”অভিযুক্ত সহকারী শিক্ষিকা শিউলী খাতুন বলেন, “শ্রেণিকক্ষে দুষ্টুমির কারণে তাকে বেত দিয়ে শাসন করেছি। বেতটি ফাটা থাকায় তার হাতে সামান্য কেটে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছুরি দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগ সত্য নয়।”বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, এ অভিযোগের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।কাহালু উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম মুঠোফোনে জানান, শিক্ষিকা কর্তৃক শিক্ষার্থীকে নির্যাতনের বিষয়টি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে জেনেছেন। এ ঘটনায় যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
