নবান্নের উৎসবে জমজমাট শিবগঞ্জের ঐতিহ্যবাহী মাছের মেলা
বাঙালির হাজার বছরের গ্রামীণ ঐতিহ্য নবান্ন উৎসবকে ঘিরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী বাজারে বসেছে দুই শতাব্দীরও বেশি সময়ের ঐতিহ্যবাহী মাছের মেলা। পহেলা অগ্রহায়ণ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী এ মেলাকে ঘিরে আশপাশের গ্রামগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকেই মেলাপ্রাঙ্গণে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় জমে ওঠে।স্থানীয়দের ভাষ্যমতে, বাংলা পঞ্জিকার পহেলা অগ্রহায়ণ তথা নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে এ মেলার আয়োজন হয়ে আসছে। মেলা উপলক্ষে উথলী, রথবাড়ি, ছোট ও বড় নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্যাপুর, বেড়াবালা, আকন্দপাড়া, গরীবপুর, দেবীপুর, গুজিয়া, মেদনীপাড়া, বাকশন, রহবল, মোকামতলা ও লক্ষ্মীকোলাসহ আশপাশের অন্তত ২৫টি গ্রামের মানুষের মধ্যে শুরু হয় উৎসবের প্রস্তুতি।এ উপলক্ষে প্রতিটি বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনদের আগাম নিমন্ত্রণ জানানো হয়। দূরদূরান্ত থেকে আত্মীয়দের আগমন, বাড়িতে বাড়িতে বিশেষ খাবারের আয়োজন এবং মাছ কেনার ধুমে গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে নবান্নের আনন্দ।
মেলাকে কেন্দ্র করে আগের রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় মাছ নিয়ে ব্যবসায়ীরা উথলী বাজারে আসতে শুরু করেন। নদী, হাওর ও বিল থেকে আহরিত বিভিন্ন প্রজাতির বড় আকারের মাছ সাজিয়ে বসেন বিক্রেতারা। রুই, কাতলা, চিতল, ব্রিগেট ও সিলভার কার্পসহ নানা প্রজাতির মাছের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। মাছ বিক্রেতাদের কাছেও বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই মেলা।মাছের পাশাপাশি মেলায় উঠেছে শীতকালীন নানা ধরনের নতুন সবজি, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য। আকার ও মানভেদে প্রতি কেজি রুই মাছ ৪০০ থেকে ৭০০ টাকা, কাতলা ৪০০ থেকে ৬০০ টাকা, চিতল ৬০০ থেকে ৭০০ টাকা, ব্রিগেট ৩৫০ থেকে ৫০০ টাকা এবং সিলভার কার্প ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। নবান্ন উৎসবের অন্যতম আকর্ষণ নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ টাকায়।মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, মেলায় এবার বেচাকেনা ভালো হচ্ছে।
ক্রেতাদের উপস্থিতিও বেশ। সকাল থেকেই ভালো বিক্রি হয়েছে।মাছের মেলার পাশাপাশি বসেছে মিষ্টি, দই, জিলাপি, মুড়ি-মুড়কি, খই, মাটির তৈজসপত্র, খেলনা এবং বাঁশ-বেতের সামগ্রীর দোকান। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো মেলাপ্রাঙ্গণ। সব মিলিয়ে মেলাটি পরিণত হয়েছে গ্রামীণ ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও পারিবারিক মিলনমেলায়।মেলায় আসা স্থানীয় সনাতন সম্প্রদায়ের বাসিন্দা স্বপন কুমার বলেন, ‘এই মেলা আমাদের এলাকার ঐতিহ্য। আমাদের বাবা-দাদারাও এখানে আসতেন। ছোটবেলা থেকেই আমরা মেলায় আসছি। এখন সন্তানদেরও নিয়ে আসি, যাতে তারাও এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়ে বড় হতে পারে।’মেলা পরিচালনাকারী ফরমান আলী বলেন, নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই এ মেলার আয়োজন করা হয়। দীর্ঘদিনের এই ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়দের সহযোগিতায় মেলার আয়োজন অব্যাহত রয়েছে।
