কাহালুতে প্রতিপক্ষ কর্তৃক আমন ধানের গাছ কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন
বগুড়ার কাহালুতে প্রতিপক্ষ কর্তৃক জোরপূর্বক নিজ দখলীয় জমির ধান গাছ কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী জমির মালিক মোঃ ওমর আলী (একা) নামের এক কৃষক। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাজার পাড়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন আহবান করেন মোঃ ওমর আলী একা। এসময় তার ছেলে আব্দুল হান্নান লিখিত বক্তব্য বলেন, আমার বাবা একজন সাধারন কৃষক। অঘোর মৌজায় ৩৬১ নং খতিয়ানে ৩০৩৩/৩০৩৪ দাগে ৭৯ শতক নিজ স্বত্ব দখলীয় জমিতে দীর্ঘ দিন ধরে চাষাবাদ করে আসছি। এর মধ্যে ৪১ শতক জমি বাদে বাকি জমি অন্য শরীকদের নামে আরএস খতিয়ানে অর্ন্তভূক্ত হয়েছে। চলতি আমন মৌসুমে উক্ত জমিতে আমন চারা রোপণ করি।
মালঞ্চা গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে মোঃ দুলাল( ৩৬), মোঃ জিহাদ বাবু (২৫) ও তার স্ত্রী মোছাঃ তাছলিমা বেগম (৫৫) মেয়ে সুলতানা বেগম (৩০) মোছাঃ তাজমা বেগম (৩৫) সহ আরোও অজ্ঞাত ৮/১০ জন কতিপয় দুষ্কৃতকারী ও ভূমি দস্যু জোরপূর্বক ধান গাছ কর্তন করে নিজ দখলীয় জমি জবর দখলের চেষ্টা করে। অগ্রহায়ন মাসে কৃষকের ঘরে নতুন ধান উঠবে। কৃষকের মুখে হাসির ঝিলিক না দেখতেই মানুষরূপী অমানুষরা সেই মুখের ফসল নষ্ট করে আমার অপুরুনীয় ক্ষতি সাধন করেছে। আমি আপনাদের মাধ্যমে এর সঠিক বিচার দাবি করেছি। একইসাথে প্রশাসন ও স্থানীয় এমপি মহোদয় ও মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি সহ হস্তক্ষেপ কামনা করছি।
