Joy Jugantor | online newspaper

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:০০, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:০২, ১০ অক্টোবর ২০২৬

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরন

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার নিশিন্দারায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীই গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন গুণের অধিকারী হয়ে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

নিজেদের বক্তব্য ও মতামত প্রকাশের ক্ষেত্রে সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য করে তুলতে যথাযথ শিক্ষার বিকল্প নেই। এ সময় শিক্ষার্থীদের মোবাইল ফোনের ব্যবহার ও আসক্তি নিয়ন্ত্রণে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিয়াম ফাউন্ডেশন, বগুড়ার আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আলমগীর কবির, কমিশনার ও সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক এবং বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ। এ ছাড়া বগুড়া বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ আমিনুল ইসলাম বক্তব্য দেন।বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার গুণগত মান অর্জনের মাধ্যমে জ্ঞানচর্চার সঠিক পথ অনুসরণ করতে হবে।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। দেশের বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের দুই উপাধ্যক্ষ দুলাল হোসেন ও শফিকা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির মেহেদী হাসান মুন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে সিনথিয়া অভি। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পদচারণে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ ছাড়া প্রধান অতিথি প্রতিষ্ঠানের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ২৫টি ইভেন্টে বিজয়ী ৩৬৯ জন এবং আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতায় ২৬টি দলের মধ্যে বিজয়ী ৪৬৮ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের সামনের প্রধান সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ।