Joy Jugantor | online newspaper

এমএসকেপির আয়োজনে

সিরাজগঞ্জে নদী দখল-দূষণ রোধে মানববন্ধন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৩, ১০ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে নদী দখল-দূষণ রোধে মানববন্ধন ও আলোচনা সভা

এমএসকেপি`র আয়োজনে সিরাজগঞ্জে নদী দখল-দূষণ রোধে মানববন্ধন ও আলোচনা সভা

বিশ্ব নদী দিবস-২০২৬ উপলক্ষে নদী দখল ও দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার জেলার চান্দাইকোনা মন্ডুমালা মহাশ্মশান চত্বরে মথুরা সমাজ কল্যাণ পরিষদের (এমএসকেপি) আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর।আলোচনা সভায় বক্তব্য দেন মথুরা সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ, স্বপ্নের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, চান্দাইকোনা মহাশ্মশান মন্দির কমিটির সভাপতি শ্রী জীবন কৃষ্ণ কুন্ডু, সহ-সভাপতি শ্রী সঞ্জয় কুমার চন্দ্র, সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ কুমার মন্ত্র ও অর্থ সম্পাদক শ্রী রতন কুমার দাস।বক্তারা করতোয়া ও ফুলজোড় নদী দখল ও দূষণ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

একই সঙ্গে নদী রক্ষা, নদীকেন্দ্রিক পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।বক্তারা বলেন, নদী শুধু পানির প্রবাহ নয়; নদীকে ঘিরেই গড়ে উঠেছে মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও প্রাকৃতিক পরিবেশব্যবস্থা। কিন্তু দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন, নাব্যতা সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের অনেক নদী আজ অস্তিত্বের সংকটে। এতে নদীনির্ভর মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।আলোচনা সভা শেষে নদীসংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।