সোনাতলায় মা ইলিশ সংরক্ষণে ১৬০ জেলে পরিবারে ৪ টন চাল বিতরণ
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার সময় কর্মহীন জেলেদের সহায়তায় বগুড়ার সোনাতলায় ১৬০টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে চার টন ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় বিশেষ বরাদ্দের এ খাদ্যসহায়তা দেওয়া হয়। নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের খাদ্যসংকট মোকাবিলা ও আর্থিক দুর্ভোগ কিছুটা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় প্রত্যেক নিবন্ধিত জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট চার হাজার কেজি চাল দেওয়া হয়।চাল বিতরণের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম লতিফুল বারী টিম ও জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একই দিন দুপুর ১২টায় সোনাতলা উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম।মতবিনিময় সভায় সোনাতলা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৩টি পূজামণ্ডপের কমিটির সদস্যরা অংশ নেন। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।
