বগুড়ায় ২৭-২৯ নভেম্বর তিন দিনব্যাপী কবি সম্মেলন
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বগুড়া লেখক চক্রের আয়োজনে আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর তিন দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।আজ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার ম্যাক্স মোটেলে বগুড়া লেখক চক্রের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার।
কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের, সাধারণ সম্পাদক গল্পকার আব্দুর রাজ্জাক বকুল, সহ-সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হান, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, নির্বাহী সদস্য ছড়াকার আমির খসরু সেলিম, কবি মাহাবুব টুটুল ও কবি শাকিবুল শাকিল।এ ছাড়া সভায় কবি কামরুজ্জামান মাসুম, কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি মনসুর রহমান তানসেন, কবি শাহানূর শাহিন, কবি শুভ্রা সাহা, বাণী রাণী পাল, শাহানা পারভীন, পারভীন নাহার ও বখতিয়ার হোসাইন বক্তব্য দেন।
কবি সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সভায় কালাম আজাদকে আহ্বায়ক এবং ইসলাম রফিককে সদস্য সচিব করে ‘কবি সম্মেলন উদযাপন পরিষদ’ গঠন করা হয়। সম্মেলনকে ঘিরে কবিদের আবাসন, খাবার, পরিবহন, উপহারসামগ্রী, বাজেট, প্রকাশনা, ব্যানার এবং কবি ও কবিতার ফেস্টুন তৈরিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।প্রধান অতিথি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের আহ্বায়ক কালাম আজাদ বলেন, বগুড়া লেখক চক্র একটি ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন। সংগঠনের দীর্ঘদিনের সুনাম ও মাননীয় প্রধানমন্ত্রীর জেলা বিবেচনায় কবি সম্মেলন সফল করতে সবার সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।তিনি বলেন, কবি সম্মেলনে একাধিক মন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হবে। সম্মেলন সফল করতে তিনি সংগঠনের সকলের সহযোগিতা কামনা করেন।
