Joy Jugantor | online newspaper

বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

কাহালু ( বগুড়া ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৯, ১ আগস্ট ২০২৬

বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

বগুড়ার কাহালুতে ট্রাক ও মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে লুৎফর রহমান নামের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি তিনজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে মাছ বিক্রি শেষে একটি পিকআপ বগুড়ার দিকে ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

কাহালু ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সবুজ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। নিহতদের মধ্যে লুৎফর রহমান নামের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের স্বজনদের জানানো হবে।তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।