বগুড়ার দুই হাসপাতালের নেতৃত্বে মীর শাহে আলম ও রেজাউল করিম
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি মনোনীত করা হয়েছে।শজিমেক হাসপাতালের সভাপতি হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আর মোহাম্মদ আলী হাসপাতালের দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম বাদশা।গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী সংসদীয় এলাকা বা গুরুত্ব বিবেচনায় এই মনোনয়ন দেওয়া হয়েছে।
এখন থেকে হাসপাতাল দুটির সার্বিক উন্নয়ন, চিকিৎসাসেবার মান উন্নয়ন ও প্রশাসনিক তদারকির ক্ষেত্রে নবনির্বাচিত সভাপতিরা দিকনির্দেশনা দেবেন।বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ নতুন দুই সভাপতির দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা মনে করছেন, অভিজ্ঞ এই দুই সংসদ সদস্যের নেতৃত্বে হাসপাতাল দুটির প্রশাসনিক ও অবকাঠামোগত সমস্যার সমাধান দ্রুত হবে। একই সঙ্গে সাধারণ মানুষ আরও সহজে চিকিৎসাসেবা পাবেন।
