ধুনটে ইমামের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে প্রশাসন
বগুড়ার ধুনট উপজেলায় এক মাদ্রাসা শিক্ষক ও উপজেলা মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে আবাসিক এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।অভিযুক্ত মাওলানা আব্দুল বাসেত ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক এবং উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর ভুক্তভোগী ছাত্র ধুনট পৌর এলাকার দারুল উলুম কওমী মাদ্রাসায় ইয়াজদাহম জামাতে ভর্তি হয়ে আবাসিক হিসেবে অবস্থান করছিল। সে সময় অভিযুক্ত শিক্ষক বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাকে অনৈতিক ও আপত্তিকর কাজে বাধ্য করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একই ধরনের ঘটনার শিকার আরও কয়েকজন শিক্ষার্থী রয়েছে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।সোমবার দুপুরে ভুক্তভোগী ছাত্র ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লা নিজামীর কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।অভিযুক্ত মাওলানা আব্দুল বাসেত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।”ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লা নিজামী জানান, অভিযোগের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
