গোবিন্দগঞ্জে ভাড়া বাসা থেকে হোটেল মেসিয়ারের মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকা থেকে নাজমুল হক(৩৫) নামে এক হোটেল মেসিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে, গতকাল সোমবার সকালে বাগদা মিশন রোডের ভাড়াটিয়া বাসার ঘরের জানালার সাথে গলায় ওড়না প্যাচানো এবং দুই পা মাটিতে লেগে থাকা অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন গোবিন্দগঞ্জ থানায় খবর দেয় ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকার লোকজন জানায়, নাজমুল ও তার স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া-ঝাটি লেগেই থাকতো- আর এরই জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক হোটেল মেসিয়ারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।#
