তৃতীয় বিভাগে অবনমনের শঙ্কায় হামজার লেস্টার সিটি
ইংলিশ ফুটবল লিগের আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে ৬ পয়েন্ট কর্তনের শাস্তি পায় লেস্টার সিটি। সেই শাস্তির বিরুদ্ধে আপিল করে বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর ক্লাবটি। তবে কোনো লাভ হয়নি। আপিল খারিজ হওয়ায় দ্বিতীয় বিভাগ (চ্যাম্পিয়নশিপ) থেকে এখন ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগে (লিগ ওয়ান) লেস্টার সিটির নেমে যাওয়ার শঙ্কায়। গত ফেব্রুয়ারিতে একটি স্বাধীন কমিশন লেস্টারের ওপর পয়েন্ট কর্তনের এই শাস্তি আরোপ করে। এর ফলে পয়েন্ট টেবিলের ১৭তম স্থান থেকে ২০তম স্থানে নেমে যায় তারা। পরবর্তীতে আপিল করলেও তা খারিজ হয়ে যাওয়ায় এখন নাজুক অবস্থায় রয়েছে ক্লাবটি।
বর্তমানে পয়েন্ট টেবিলের ২২তম স্থানে অর্থাৎ অবনমন অঞ্চলে অবস্থান করছে লেস্টার। নিরাপদ অঞ্চল থেকে এক পয়েন্ট পিছিয়ে থাকা দলটির হাতে লিগ বাঁচানোর জন্য বাকি আছে মাত্র ৫টি ম্যাচ। এই অবস্থায় কোচ গ্যারি রাওয়েটের অধীনে থাকা লেস্টারের জন্য অবনমন এড়ানো এখন এক কঠিন চ্যালেঞ্জ।আপিল খারিজ হওয়ার পর ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘স্বাধীন আপিল বোর্ড ক্লাবের বিরুদ্ধে এই মৌসুমে ছয় পয়েন্ট কর্তনের সিদ্ধান্ত বহাল রেখেছে, এটি আমরা স্বীকার করছি। বিষয়টির এখানেই সমাপ্তি ঘটেছে। এখন মৌসুমের বাকি পাঁচ ম্যাচে মাঠের পারফরম্যান্সে আমাদের পুরো মনোযোগ।’
