নাহিদের ফাইফারে ১১৪ রানে গুটিয়ে গেল পাকিস্তান
মিরপুরে বল হাতে রীতিমতো ঝড় তুলেছেন নাহিদ রানা। তার গতিময় বোলিংয়ে দিশেহারা হয়েছেন পাকিস্তানের ব্যাটাররা। একের পর এক উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফারের দেখা পেয়েছেন নাহিদ। এতেই মাত্র ১১৪ রানে অলআউট হয়েছে সফরকারীরা। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে বেশ ভালোভাবেই সামলান তারা।উদ্বোধনী জুটিতে ৪১ রান সংগ্রহ করেন এই দুই পাক ওপেনার। ইনিংসের দশম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৩৮ বলে ২৭ রান করে নাহিদ রানার বলে আফিফি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান শাহিবজাদা।
এরপর পাকিস্তান শিবিরে আরও জোড়া আঘাত হানেন নাহিদ। শামিল হুসাইন ৭ বলে ৪ ও সাদাকাত ২৮ বলে ১৮ রান করে আউট হন। নাহিদের এমন তোপে চাপে পড়েছে পাকিস্তান। সালমান আগাকে সঙ্গে চাপ সামাল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন মোহাম্মদ রিজওয়ান। আবারও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাহিদ। ২০ বলে ১০ রান করে ফিরে যান রিজওয়ান। এরপর সালমান আগাকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন নাহিদ। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফারের দেখা পান এই টাইগার পেসার।নাহিদের সঙ্গে উইকেট নেওয়ার মিছিলে নাম লেখান মেহেদী হাসান মিরাজ।
পর পর তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন ধসিয়ে দেন এই টাইগার অধিনায়ক। হুসেন তালাত ৪, শাহীন আফ্রিদি ৪ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান আব্দুল সামাদ।শেষ দিকে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ফাহিম আশরাফ। তার ব্যাটে ভর করে একশো পার করে পাকিস্তান। ৪৭ বলে ৩৭ রান করে মোস্তাফিজের বলে আউট হন তিনি। এতে ৩০ ওভার ৪ বলে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৭ ওভার বোলিং করে ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা।
