ভ্রমণ ক্লান্তি কাটিয়ে মিশনে মনোযোগী আফঈদারা
ইতিহাস গড়ে গেল মাসে আফঈদা খন্দকারের নেতৃত্বে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এবার আফঈদর সামনে আরও এক মিশন। জাতীয় দলের পর এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করার লড়াই। বাছাইপর্বের খেলাটি হবে লাওসে। প্রথম ম্যাচের চার দিন আগে পিটার বাটলাররা সেখানে গিয়ে হাজির হয়েছেন। শনিবার রাতে দেশটিতে পৌঁছানোয় গতকাল সেরেছে প্রথম সেশনের অনুশীলনও।
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে আগামী বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে। এই ম্যাচটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ পিটার বাটলার। তাই দেশটিতে পৌঁছানোর পর পরই শুরু করে দিয়েছে অনুশীলন। গতকাল এক ভিডিও বার্তায় দলের ইংলিশ কোচ পিটার বাটলার দলের পরিস্থিতি জানিয়ে বলেন, 'লম্বা সফরের ক্লান্তিটা ঝেড়ে ফেলার একটা ভালো সুযোগ ছিল। আজ সকালে খুব ভোরে, আনুমানিক ৬ টায় রওনা হয়েছি। অনুশীলনে খেলোয়াড়র ভালোভাবেই সাড়া দিয়েছেন, এটা ইতিবাচক। এক-দুই জন হালকা চোটে আছেন, একজনের জ্বরও হয়েছে।'
এ সময় প্রথম দিনের অনুশীলন নিয়ে তিনি বলেন, 'সকালের অনুশীলনটা ভালোই হয়েছে আমি সবসময় মনে করি, প্রথম সেশনটা সেরে ফেলা খুবই গুরুত্বপূর্ণ। এ সময় খেলোয়াড়দের নাড়াচাড়া করানো, বিছানা থেকে তুলে আনা, আরামদায়ক অবস্থা থেকে বের করে আনা, আর সবচেয়ে জরুরি কাজের মানসিকতায়, কর্ম চিন্তায় নিয়ে আসা। তবে হ্যাঁ, এখন মেয়েরা সবাই জানেন, আমি কীভাবে কাজ করি, তারা সব সময়ই খুব ভালো সাড়া দেন, তাই সব মিলিয়ে খুব ইতিবাচক।'
গতকাল বাফুফের দেওয়া অনুশীলনের ভিডিওতে দেখা যায়, দল ফুরফুরে মেজাজেই প্রস্তুতির প্রথম সেশন শেষ করেছে। পরে দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, 'লাওসে আজকেই আমরা প্রথম অনুশীলন করেছি। সবার মন মেজাজ ভালো, সুস্থও আছে। তো সব মিলিয়ে ভালো অনুশীলন হয়েছে। নতুন দেশ, সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ভালো লাগছে।'এ সময় তিনি প্রথম ম্যাচকেই বেশি গুরুত্বপূর্ণ জানিয়ে আরও বলেন, 'আমাদের প্রথম ম্যাচ যেহেতু স্বাগতিক লাওসের বিপক্ষে, তো কোচ সেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই খেলার চেষ্টা করবো আমরা। তবে আমাদের লক্ষ্য থাকবে ম্যাচটি জেতা।'
জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-২০ সময় চ্যাম্পিয়নশিপে দলের হয়ে সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন সাগরিকা। নিজেদের ছয় ম্যাচের মধ্যে তিন ম্যাচ খেলে করেছিলেন আট গোল। আসরের দ্বিতীয় ম্যাচে লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় না পড়লে হয়তো আসরের সর্বোচ্চ গোলস্কোরারও হতে পারতেন তিনি। তবে সেটা না হলেও লাওসে বাছাইপর্বে যে বাংলাদেশের আক্রমণের মূল অস্ত্র তিনি, সেটা বলাই যায়। বাটলার তার গতি এবং ফিনিশিং দক্ষতাকে কাজে লাগিয়েই প্রতিপক্ষর রক্ষণভাগ আস্থার পরিকল্পনা সাজাচ্ছে সেটা অনুমেয়।
গতকাল অনুশীলনের ভিডিওতেও তাকে বেশ সক্রিয় দেখা গেছে। পরে ভিডিও বার্তায় সাগরিকা বলেন, 'আমরা গতকাল (শনিবার) রাতে এখনে এসে পৌঁছেছি। সকালে অনুশীলন ছিল। খুব ভালো অনুশীলন করেছি আমরা। ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি আমাদের লক্ষ্য হলো জেতা।' গেল মাসে অনূর্ধ্ব-২০ দলটি ঘরের মাঠে জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। সাফ জয়ের পর ঐ দল নিয়েই পিটার বাটলার শুরু করেছিলেন এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতি। বাছাইয়ে বাংলাদেশ রয়েছে এইচ গ্রুপে। এই গ্রুপের খেলা আগামী ৬-১০ আগস্ট লাওসে অনুষ্ঠিত হবে। এই মিশনে আফঈদাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক লাওস, শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও তিমুর-লেস্তে।
