গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-এ নিজ বাসা থেকে হাত-পা ও গলা বাঁধা অবস্থায় শামসুন্নাহার রুমা (৪২) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে, গতকাল শনিবার বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের হাসপাতালসংলগ্ন চক গোবিন্দপুর গ্রামের নিজ বাসা থেকে পুলিশ ওই শিক্ষিকার মরদেহটি উদ্ধার করে। এ সময় তার হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল এবং গলায় ওড়না পেঁচানো ছিল।তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মচারী মামুনুর রশিদ চৌধুরীর স্ত্রী এবং উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলাইমান আলীর মেয়ে।
নিহত শামসুন্নাহার রুমা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।রুমা তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর এক পুত্র সন্তান নিয়ে বাবার মালিকানাধীন ওই বাসাটিতে বসবাস করছিলেন। পড়াশোনার কারণে তার ছেলে ঢাকায় থাকায় তিনি একাই ওই বাসায় থাকতেন।গোবিন্দগঞ্জ থানা-র অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশের ক্রাইমসিন টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।