রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নিহত
রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৭) মারা গেছেন।রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গনির ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, তিনি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে মোটরসাইকেলে চণ্ডিপুর গ্রামে গরুর চিকিৎসার জন্য যাচ্ছিলেন। ফেরার পথে চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় তার সামনে থাকা ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনের একটি চাকা খুলে যায়। এতে তার মোটরসাইকেলটি অটোভ্যানে ধাক্কা লাগে এবং তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় তার পেছনে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসক সাজিয়া খান তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে যাওয়ার পথে আবদুর রশিদের মৃত্যু হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, অফিসকে জানিয়ে দুপুরে একটি গরুর চিকিৎসায় বের হয়ে তিনি দুর্ঘটনায় নিহত হয়েছেন।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
