Joy Jugantor | online newspaper

গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে আদমদীঘিতে ‘ভোটের গাড়ি’

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১২, ২ ফেব্রুয়ারি ২০২৬

গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে আদমদীঘিতে ‘ভোটের গাড়ি’

গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে আদমদীঘিতে ‘ভোটের গাড়ি’

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতা বাড়াতে ‘ভোটের গাড়ি’ এখন বগুড়ার আদমদীঘি উপজেলায় অবস্থান করছে। “গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে”-এই স্লোগানকে সামনে রেখে সকাল ১০টায় গাড়িটি উপজেলার নসরতপুর ইউনিয়ন পরিষদ, বিকাল ৪টায় কুন্দগ্রাম, সন্ধ্যা ৬টায় চাঁপাপুর ও সন্ধ্যা ৭টায় আদমদীঘি বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। সেখানে স্থানীয়দের মাঝে গণভোট, সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।আয়োজকেরা জানান, এই গাড়িটি কোনো নির্দিষ্ট প্রার্থীর প্রচারণা করছে না; বরং দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচন এবং গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরিই এর মূল উদ্দেশ্য। 

ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাইযোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএর মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা এবং তরুণ ও নারীদের বঞ্চনার ইতিহাস তুলে ধরা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সচেতন হচ্ছেন। আদমদীঘি বাসস্ট্যান্ডে ভোটের গাড়ির এই প্রচারণা দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।এর আগে গতকাল রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই প্রচার কার্যক্রমের সময় সূচি উল্লেখ করা হয়।