দুপচাঁচিয়ায় ধাপসুলতানগঞ্জ হাট পরিদর্শন করলেন সংসদ সদস্য
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধাপসুলতানগঞ্জ হাটে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে সরেজমিনে হাট পরিদর্শন করেছেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। ৫ নভেম্বর বৃহস্পতিবার তিনি এ হাট পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি ইজারা প্রদান না করে খাস কালেকশন করা, টোল আদায়ের রসিদে টাকার পরিমাণ উল্লেখ না করা, বিক্রেতার কাছ থেকে টোল আদায়ের বিধান না থাকলেও ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকেই অতিরিক্ত টাকা আদায়, গাভীর গর্ভ পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় এবং হাটে টোল আদায়ের মূল্যতালিকা টাঙানো না থাকাসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান।
এসব বিষয়ে দুপচাঁচিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন সংসদ সদস্য। এ ছাড়া ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে টোল আদায়ের নির্ধারিত মূল্য সম্পর্কে জনগণের মধ্যে প্রচারের লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা সৃষ্টির ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।দুপচাঁচিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান বলেন, নিয়ম অনুযায়ী হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও দরপত্রে কেউ অংশগ্রহণ না করায় বাধ্য হয়েই খাস কালেকশন করা হচ্ছে। বিগত বছরগুলোতে ইজারার মাধ্যমে যে রাজস্ব আদায় হতো, খাস কালেকশনের মাধ্যমে তার চেয়েও বেশি রাজস্ব আদায় হচ্ছে। আগামীতে যেভাবেই হোক ইজারার মাধ্যমে সর্বোচ্চ মূল্যে হাটটি ইজারা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করা হবে। অন্যান্য অনিয়মের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
