Joy Jugantor | online newspaper

কাহালুতে জমির সীমানা প্রাচীর নির্মাণে বাধা ও হুমকির অভিযোগ

কাহালু( বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ১ নভেম্বর ২০২৬

কাহালুতে জমির সীমানা প্রাচীর নির্মাণে বাধা ও হুমকির অভিযোগ

কাহালুতে জমির সীমানা প্রাচীর নির্মাণে বাধা ও হুমকির অভিযোগ

বগুড়ার কাহালু উপজেলায় জমির সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে বাধা ও বিভিন্ন ধরনের হুমকির শিকার হওয়ার অভিযোগ করেছেন মো. মহিফুল ইসলাম নামে এক ব্যক্তি। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।অভিযোগ সূত্রে জানা যায়, কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের আঘোর মৌজায় ১২০৬ নম্বর দাগে ১৪ শতক এবং ১৩০৭ নম্বর দাগে ২৩ দশমিক ৫০ শতকসহ মোট ৩৭ দশমিক ৫০ শতক জমি বায়না সূত্রে ক্রয় করেন মহিফুল ইসলাম। জমি কেনার পর তিনি সেখানে নিজের নামে একটি সাইনবোর্ড স্থাপন করেন। তবে কয়েক দিন পর জমিতে গিয়ে সাইনবোর্ডটি দেখতে পাননি বলে অভিযোগ করেন তিনি।এ ঘটনায় গত ৩০ অক্টোবর কাহালু থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগে বলা হয়েছে, বৈঠকে জমির কাগজপত্র পর্যালোচনা শেষে মহিফুলের জমিতে কেউ যেন কাজে বাধা সৃষ্টি না করে সে বিষয়ে নির্দেশনা দেন ওসি মো. শফিকুল ইসলাম।

কিন্তু পরবর্তীতে ১ নভেম্বর জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করতে গেলে মালঞ্চা গ্রামের গুলজার হোসেন, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান (রানু মাস্টার), বুলু তালুকদারসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জন ব্যক্তি মহিফুলকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে নির্মাণকাজে বাধা দেন। অভিযোগে আরও বলা হয়, এ সময় অভিযুক্তরা প্রভাব বিস্তার করে নিজেদের ইচ্ছামতো এলাকায় সবকিছু পরিচালনার কথা বলেন এবং মিজানুর রহমান ও বুলু তালুকদার আরো বলেন এখানে আমরাই সরকার আমরাই আদালত আমরাই থানা।  এতে নিজের ক্রয়কৃত জমিতে স্বাভাবিকভাবে ভোগদখল ও নির্মাণকাজ পরিচালনা করতে পারছেন না মহিফুল ইসলাম । এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে মহিফুল ইসলাম রোববারই (১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।অভিযোগে  অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং জমিতে সীমানা প্রাচীর নির্মাণে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সহায়তা চেয়েছেন মহিফুল ইসলাম ।জানতে চাইলে ইউএনও মোছা. মলিহা খানম জানান, মহিফুলের  অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা  নেওয়া হবে।