সাপাহার সীমান্তে বাংলাদেশি ১২ বছরের শিশুকে আটক করেছে বিএসএফ
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে হাসিফ রহমান (১২) নামে এক বাংলাদেশি শিশুকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।আজ রোববার (১ নভেম্বর) ভোরে সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলার এলাকা থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে তাকে আটক করা হয়। আটক হাসিফ রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।জানা গেছে, শনিবার রাতে কোনো একসময় সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলার এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেন।
বিষয়টি জানতে পেরে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও হাসিফ রহমানকে আটক করেন বিএসএফ সদস্যরা।এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন হাপানিয়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল ওয়াদুদ বলেন, লোকমুখে শিশুটিকে আটকের বিষয়টি শুনেছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য রোববার সকাল থেকে পান্নাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ঘটনা সত্য হলে শিশুটিকে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
