উত্তরাখন্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয় আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জোশিমঠ-বদ্রীনাথ রুটে উড়োজাহাজটির নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ছয়জন ছিলেন। তাদের সবাই পুরুষ। যাত্রীদের নাম প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে ও এইচ এস নটরাজ। পাইলট ছিলেন ক্যাপ্টেন হিমাংশু।প্রতিবেদন অনুযায়ী, তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটের দিকে বদ্রীনাথ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। এরপর হাতি পর্বত এলাকার কাছে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরে এটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। এতে রাজ্যের উদ্ধারকারী দল, সেনাবাহিনী, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুষ্কর সিং ধামি বলেন, ‘যোশীমঠের কাছের ছাইয়ে গ্রাম এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক খবর পেয়েছি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।’তিনি আরও বলেন, ‘আমি নিজেই পুরো ঘটনাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত উচ্চতর চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হেলিকপ্টারের যাত্রীরা যেন নিরাপদে ফিরে আসেন, সে জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’
এদিকে রাজ্যের একজন কর্মকর্তাও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যোশীমঠের মহকুমা শাসক (এসডিএম) চন্দ্রশেখর বশিষ্ঠ বলেন, ‘হ্যাঁ, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। সেনাবাহিনী, আমাদের এসডিআরএফ দল, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন। আমিও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।’উল্লেখ্য, গত এক দশকে উত্তরাখণ্ডে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি ছিল বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এবং সাতটি ছিল প্রাণহানিহীন। প্রাণহানিহীন ঘটনাগুলোর মধ্যে জরুরি অবতরণের সময় আহত হওয়ার ঘটনা এবং যান্ত্রিক ত্রুটির কারণে বাধ্যতামূলক অবতরণের ঘটনা রয়েছে। এ ছাড়া মাটিতে সংঘটিত প্রাণঘাতী দুর্ঘটনাও এই পরিসংখ্যানের অন্তর্ভুক্ত।এর আগে, গত বছরের জুনে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা করা একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজন নিহত হন।
