বগুড়ায় সংবাদ সম্মেলনে নিরাপত্তাসহ ৩১ দফা বাস্তবায়ন চায় শ্রমিক কল্যাণ ফেডারেশন
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগর ও জেলা শাখা। সম্মেলনে শ্রমিকের নিরাপত্তাসহ ৩১ দফা দাবী ঘোষনা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, সেক্রেটারী মাস্টার আনোয়ারুল ইসলাম, জেলার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, পরিবহন শ্রমিক ফেডারেশনের বগুড়া অঞ্চলের সাধারন সম্পাদক এজাজ আহম্মেদ আসলাম, মহানগর সহ সভাপতি মেহেদী হাসান, মোরশেদুল ইসলাম সুইট, আব্দুল হাই সিদ্দিক, জামিল মাহমুদ, শাহাদত হোসেন, আলমগীর হোসেন, তারেকুল ইসলাম, জিয়া আলম প্রমুখ। সংবাদ সম্মেলনে গোলাম রব্বানী বলেন, আপনারা নিশ্চয় অবগত আছেন ১৮৮৬ সালের ৩ মে আমেরিকার শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যূনতম মজুরি ও চাকুরির নিরাপত্তাসহ তিনটি দাবীতে ডাকা শ্রমিক ধর্মঘটে পুলিশের লাঠি চার্জ ও গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত ও অসংখ্য শ্রমিক আহত হয়।
এরপর থেকে প্রতিবছর এই ১ মে দিবসটি সারা পৃথিবী ব্যাপী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। ১৩৯ বছর পার হলেও আজও এই দাবীগুলো যথাযথভাবে পূরণ হয়নি। এরই ধারাবাহিকতায় আগামী ১ মে বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথায় সকাল ৮টায় এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালী, ব্লাড গ্রুপিং, ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় ও আহত শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী, গেঞ্জি বিতরণ সহ নানামুখী কর্মসূচী গ্রহন করেছে। সংবাদ সম্মেলনে গোলাম রব্বানী ৩১দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানান। দাবী সমুহ হচ্ছে-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা প্রদান, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, চাকুরির নিয়োগপত্র নিশ্চিত করা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সংসদ নির্বাচনে শ্রমিকদের জন্য ৩০টি সংরক্ষিত আসন বরাদ্দ করা। এছাড়া শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য শিক্ষা, চিকিৎসা ও আবাসন সুবিধাসম্পন্ন শ্রম কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠার দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলন শেষে গোলাম রব্বানী প্রেসক্লাব এলাকায় শ্রমিকের মাঝে প্রচারপত্র বিতরণ করেন।
