নওগাঁর আত্রাইয়ে কৃষকের ৭৫ শতক জমিতে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ
নওগাঁর আত্রাই উপজেলায় এক কৃষকের ৭৫ শতক জমির বোরো ধানে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার আহিরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইসবপুর ইউনিয়নের আহিরাইল সরদারপাড়া এলাকার মৃত শাহাদত সরদারের ছেলে কৃষক জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে ৭৫ শতক জমিতে চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে ওই জমিতে তিনি বোরো ধান রোপণ করেন এবং কয়েক দিনের মধ্যেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন।কৃষক জয়নাল আবেদীনের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে গত ২৭ এপ্রিল রাতে দুর্বৃত্তরা তার জমির প্রায় ৩০ শতক বোরো ধানে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে। এতে ধানগাছগুলো নষ্ট হয়ে বিবর্ণ হয়ে যায়। ফলে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। প্রতি বছরই তার জমির ফসল নষ্ট করার চেষ্টা করা হয় এবং চলতি বছরও একই ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি আইনগত সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—আহিরাইল এলাকার মোবাইদুল ইসলাম, মোছাদ্দেক আলম, শাহজাহান আলী, আহসান হাবিব ও নয়ন সরদার। তবে এ বিষয়ে তাদের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষক দ্রুত বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
