লালমনিরহাট সড়ক থেকে ট্রাক উল্টে পড়লো ক্ষেতে, কৃষক নিহত
লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মরিচ ক্ষেতে উল্টে পড়েছে পণ্যবোঝাই একটি ট্রাক। এতে মনছের আলী (৬৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১ মে) সকালে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মনছের আলী ওই এলাকার পেয়ার উল্ল্যাহর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মনছের আলী নিজের বাড়ির পাশের মরিচ ক্ষেত দেখতে যান। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ও সহকারীকে আটক করে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং পুলিশ মরদেহ উদ্ধার করে।লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে আটক চালক ও হেলপারকেও ছেড়ে দেওয়া হয়েছে।
