এক অরাজনৈতিক ব্যবসায়িক সংগঠন বামমা বগুড়ার সভাপতি সরকার বাদলের নেতৃত্বে তৈরিকৃত কৃষি যন্ত্রাংশ দেশ ও দেশের বাইরে সুনাম কুড়িয়েছে
বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশন (বামমা) দেশে কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক, আমদানিকারক এবং ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন হিসেবে ইতোমধ্যেই দেশের শিল্প ও কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। অরাজনৈতিক ব্যবসায়িক সংগঠন বামমা বগুড়ার বারবার নির্বাচিত সভাপতি সরকার বাদল। তার সফল নেতৃত্বে বগুড়ার কৃষি যন্ত্রাংশ শিল্প আজ দেশীয় চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করেছে। বর্তমানে তিনি বামমার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে।
দীর্ঘদিনের প্রচেষ্টা, দূরদর্শিতা ও শ্রমে সরকার বাদল সংগঠনটিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত প্ল্যাটফর্মে পরিণত করেছেন। তার নেতৃত্বে বগুড়ার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা একত্রিত হয়ে গড়ে তুলেছেন কৃষি যন্ত্রাংশ উৎপাদনের এক সমৃদ্ধ শিল্পভিত্তি। বর্তমানে বগুড়ায় উৎপাদিত কৃষি যন্ত্রাংশ দেশের প্রায় ৮০ শতাংশ চাহিদা পূরণ করছে এবং এর একটি উল্লেখযোগ্য অংশ বিদেশেও রফতানি হচ্ছে।
ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে স্থানীয়ভাবে উৎপাদিত যন্ত্রাংশ কৃষকদের কাছে সহজলভ্য হওয়ায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কমেছে শ্রম নির্ভরতা। এতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হয়েছে।
অরাজনৈতিক ব্যবসায়িক সংগঠন হিসেবে বামমা সবসময় ব্যবসায়িক স্বার্থ ও শিল্পোন্নয়নের প্রশ্নে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে এসেছে। সংগঠনটি তাদের যৌক্তিক দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরে এবং কৃষি যন্ত্রাংশ শিল্পের বিকাশে নীতিগত সহায়তা কামনা করে। বিগত সময়েও এ খাতের উন্নয়ন, রফতানি সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
বিগত সরকারের সময় কৃষির বিপ্লব ঘটানো, তৈরিকৃত যন্ত্রাংশ দেশ ও দেশের বাইরে রপ্তানিতে বিশেষ সহযোগিতা প্রদান সহ নানা দাবিতে মানববন্ধনে অংশ নিয়েছিল বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তৎকালীন সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্ব মমতাজ উদ্দিন। এফবিসিসিআই, বগুড়া চেম্বার অব কমার্স এবং বামমা—তিনটি সংগঠনই অরাজনৈতিক হওয়ায় শিল্প ও ব্যবসায়িক স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে।
ব্যবসায়িক সংগঠনগুলোর এই ঐক্য দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা রাখছে।বগুড়ার কৃষি যন্ত্রাংশ শিল্প দেশের শিল্পায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সঠিক পরিকল্পনা, সরকারি সহায়তা এবং উদ্যোক্তাদের ঐক্য বজায় থাকলে এ খাত ভবিষ্যতে আরও বিস্তৃত হয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
