Joy Jugantor | online newspaper

বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের জার্সিতে সাত গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন জুড বেলিংহাম। সব গোলই করেছেন বিশ্বকাপে। এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা।জাতীয় দলের হয়ে এমন অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতি হাতেনাতে পেলেন বেলিংহাম। টানা দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার।সবশেষ বিশ্বকাপে বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সের ভর করেই ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেদের সেরা সাফল্য হিসেবে তৃতীয় স্থান অর্জন করে আসর শেষ করে ইংল্যান্ড।

বিশ্বকাপের নকআউট পর্বে ইংল্যান্ডের জয়ে প্রধান ভূমিকা রাখেন বেলিংহাম। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ৩-২ ব্যবধানের জয় এবং নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের জয়ে—দুই ম্যাচেই জোড়া গোল করেন তিনি। অফিসিয়াল ইংল্যান্ড অ্যাপে সমর্থকদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়ে বেলিংহাম বলেন, ‘অসাধারণ লাগছে। আবারও ভক্তদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া বিশাল সম্মানের। যখন আপনি জাতীয় দলের জন্য খেলেন, তখন এসব বিষয় নিয়ে ভাবেন না। কিন্তু অসাধারণ মৌসুম কাটানোর পর এটা অবশ্যই চমৎকার প্রাপ্তি।’