Joy Jugantor | online newspaper

সোনাতলায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াল সুজাইতপুরবাসী  

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াল সুজাইতপুরবাসী  

সোনাতলায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াল সুজাইতপুরবাসী  

‘মাদকের আগ্রাসন, দৃশ্যমান প্রতিরোধই সমাধান; পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসঙ্গে’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর দক্ষিণপাড়া গ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয়দের উদ্যোগে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সুজাইতপুর দক্ষিণপাড়া আয়েশা হাফেজিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে স্থানীয় বাসিন্দারা বলেন, মাদকের কারণে এলাকার কিশোর ও তরুণসহ বিভিন্ন বয়সী মানুষের একটি অংশ ঝুঁকির মধ্যে পড়ছে। মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও।

এ কারণে মাদকের বিস্তার ঠেকাতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ কে এম ইকবাল আযম ডাবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম বুলু।এ ছাড়া বক্তব্য দেন সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি সদস্য গোলাম রব্বানী মিন্টু ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য জাহাঙ্গীর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। পরিবারকে সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি নজর রাখতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।

মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।তাঁরা আরও বলেন, গ্রামের পরিবেশ যেন মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। তবে মাদক প্রতিরোধের নামে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। নবগঠিত মাদক নির্মূল কমিটির মাধ্যমে এলাকায় সচেতনতা সৃষ্টি, তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবারগুলোকে সচেতন করার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিরোধ পরিবার থেকেই শুরু করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়ানোর পাশাপাশি সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।