Joy Jugantor | online newspaper

দুদিন ফ্লোরে কাটানোর পর পেলেন কেবিন, প্রয়োজন আর্থিক সহযোগিতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৩, ২২ সেপ্টেম্বর ২০২৬

দুদিন ফ্লোরে কাটানোর পর পেলেন কেবিন, প্রয়োজন আর্থিক সহযোগিতা

দুদিন ফ্লোরে কাটানোর পর পেলেন কেবিন, প্রয়োজন আর্থিক সহযোগিতা

একসময় বাংলা নাটকের পর্দায় যার অভিনয় মুগ্ধ করত দর্শকদের, সেই অভিনেতা রিফাত চৌধুরী এখন হাসপাতালের কেবিনে শয্যাশায়ী। গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুতে বেডও জোটেনি। দুই দিন ফ্লোরে কাটানোর পর অবশেষে মিলেছে কেবিন।সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি সামনে আসার পর শোবিজ অঙ্গনে রিফাত চৌধুরীর অসুস্থতা ও সংকট নিয়ে আলোচনা শুরু হয়। এরপরই সোমবার রাতে তাকে হাসপাতালের একটি কেবিনে স্থানান্তর করা হয়।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রিফাত চৌধুরী। তিনি জানান, গতকাল সোমবার রাতে আমাকে কেবিনে নেওয়া হয়েছে। এখন বেড রেস্টে রয়েছি, সব পরীক্ষা-নিরীক্ষার পর আমার ফাইল দেখে চিকিৎসা শুরু করা হবে।তবে শারীরিক অসুস্থতার পাশাপাশি এখন অভিনেতার সামনে বড় হয়ে দাঁড়িয়েছে চিকিৎসার খরচ।এ অভিনেতার পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য এখন আর্থিক সহযোগিতা প্রয়োজন।

অভিনেতার নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট না থাকায় সহযোগিতা করতে আগ্রহীরা অমিতাভ অরণ্যের বিকাশ পারসোনাল অ্যাকাউন্টে অনুদান পাঠাতে পারবেন বলে তিনি জানিয়েছেন।তার কথায়, কেউ যদি সহযোগিতা করতে চান, আমার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট ০১৯৩৪-৭৪১৪৫০ নম্বরে অনুদান পাঠাতে পারেন। সেটা যথাযথভাবে রিফাত ভাইয়ের কাছে পৌঁছে যাবে।অমিতাভ অরণ্য আরও জানান, রিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন। বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে করা হয়েছে। বুধবার আরও দুটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এরপর মূল চিকিৎসা শুরু হবে।মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। পরিবার থেকেও বহুদিন ধরে তিনি বিচ্ছিন্ন। ফলে অনেকটা একাকী জীবন কাটাচ্ছিলেন এই অভিনেতা। অসুস্থতার মধ্যেও শেষ পর্যন্ত একাই হাসপাতালে ছুটে যেতে হয়েছে তাকে।