ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যদের উপজেলা প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যরা। আজ বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইউএনওর হাতে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটির তালিকার একটি কপি তুলে দেন। পরে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।সাক্ষাৎকালে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়, উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং স্থানীয় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
ইউএনও আরিফ উল্লাহ নিজামী ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ ও সাধুবাদ জানান। একই সঙ্গে তিনি প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা থাকলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসাধারণের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরেও প্রেসক্লাবের কমিটির তালিকা প্রেরণ করা হয়।সৌজন্য সাক্ষাৎকালে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রুহুল আমিন কিবরিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুদ্দীন আল আজাদ, দপ্তর সম্পাদক সাংবাদিক এনামুল হক, প্রচার সম্পাদক মারুফ হাসান ইমরান ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
