বগুড়ায় কালিবালা সমাজ উন্নয়ন ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত
বগুড়া মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডে কালিবালা সমাজ উন্নয়ন ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী গ্রামীণ হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মহানগরের কালিবালা কৃষ্ণচূড়া মাঠে এ খেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিবালা সমাজ উন্নয়ন ক্লাবের সভাপতি মো. রাকিবুল হাসান রনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মো. আলহাজ রেজাউল হক। খেলার উদ্বোধন করেন কালিবালা জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বাকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মো. ওসমান গনি মাস্টার, কালিবালা জামে মসজিদের সভাপতি মো. টি.বি.এইচ. মোস্তাকিম, ক্যাশিয়ার মো. আলহাজ শহিদুল ইসলাম খোকা, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম তুষার।
১৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. রবিউল ইসলাম রবি, মো. মুকুল শেখ, ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রানা শেখ, মো. আব্দুল মমিন সরদার ও মো. পিন্টু প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।খেলায় কালিবালা সমাজ উন্নয়ন ক্লাব ও রাজাপুর ইউনিয়ন দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩-২ পয়েন্টের ব্যবধানে রাজাপুর ইউনিয়ন দলকে পরাজিত করে কালিবালা সমাজ উন্নয়ন ক্লাব বিজয়ী হয়।অনুষ্ঠান পরিচালনা করেন কালিবালা সমাজ উন্নয়ন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ মিয়া।গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ ধরনের আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা দেশীয় খেলাধুলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে বলে মনে করছেন আয়োজক ও স্থানীয়রা।
