Joy Jugantor | online newspaper

গাবতলীতে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ৬ নভেম্বর ২০২৬

গাবতলীতে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

গাবতলীতে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

বগুড়ার গাবতলীতে মামলা তুলে নিতে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গাবতলী মডেল থানায় পাঁচজনকে অভিযুক্ত করে নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোনারায় গ্রামের তোতা আকন্দের ছেলে এরশাদ ও ওবায়দুলের দুটি মোবাইল ফোন গত ১৫ এপ্রিল চুরি হয়। এ ঘটনায় সন্দেহবশত সোনারায় আকন্দপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে শাহাদাত হোসেনকে (১৭) চুরির অপবাদ দেওয়া হয়।এরই জেরে এরশাদ ও ওবায়দুলসহ তাঁদের কয়েকজন সহযোগী ফিল্মি স্টাইলে শাহাদাতের বাড়িতে গিয়ে তল্লাশি চালান। কিন্তু চুরি যাওয়া মোবাইল ফোন না পেয়ে শহিদুল ইসলাম ও তাঁর ছেলে শাহাদাতকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এমনকি বাড়ির আসবাবপত্র জোরপূর্বক নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় নিরাপত্তা চেয়ে শহিদুল ইসলাম গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রসিকিউশন পাঠান। এর পরিপ্রেক্ষিতে গত ৩ নভেম্বর বিজ্ঞ আদালত বিবাদীদের আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠান।অভিযোগকারীর দাবি, আদালতের নোটিশ পাওয়ার পর বিবাদীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। বর্তমানে তাঁরা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে গত শুক্রবার থানায় আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।