বগুড়ায় প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়ীতে বিদায় দিল শিক্ষার্থীরা
বগুড়ায় ঘোড়ারগাড়ীতে করে প্রিয় শিক্ষককে বিদায় জানালো শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বগুড়া মহানগরীর বাদুরতলা আদর্শ স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মান্নানের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম স্বর্ণকার, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, সহকারী শিক্ষক মোজাফফর হোসেন। উপস্থিত ছিলেন ফুটবল রেফারীজ এসাসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন রনজু, কোষাধ্যক্ষ জুয়েল শেখ।
দীর্ঘ ৩৫ বছর চাকুরী জীবন শেষ করা শিক্ষক আব্দুল মান্নান শারিরিক শিক্ষাবিদ সমিতি সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল রেফারীজ এসাসিয়েশনের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী বক্তব্যে আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিন এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুবাদে তোমরা আমার সন্তানের চেয়েও বেশি আপন ছিলে। হয়তো কাল থেকে ক্লাসে আমার আর কড়া শাসন থাকবে না, কিংবা পড়া না পারলে বকুনি থাকবে না, কিন্তু তোমাদের প্রতি আমার এই বুকভরা ভালোবাসা ও দোয়া চিরকাল থাকবে। চরিত্র ও নৈতিকতাকে সবচেয়ে বড় সম্পদ মনে করে বড় হতে হবে। লক্ষ্য স্থির রেখে নিয়মিত পড়াশোনা করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। একই সাথে পিতামাতা ও দেশের মুখ উজ্জ্বল করতে হবে।
