শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
বগুড়ার শাজাহানপুরে ঈষিতা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের টেকুরগাড়ী এলাকায় নিজ বাড়ি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ঈষিতা ওই এলাকার আল আমিনের বড় মেয়ে এবং শেরপুর মহিলা কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল।সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দুটি বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি ঈষিতা।এ নিয়ে সে হতাশায় ভুগছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঈষিতার স্বজনরা জানান, প্রায় চার বছর আগে স্ত্রী ও দুই মেয়েকে রেখে আর্থিক সংকটের কারণে ঢাকায় চলে যান তার বাবা আল আমিন। পরে তিনি অন্যত্র বিয়ে করে নতুন সংসার গড়েছেন। মেয়ের মৃত্যুর খবর পেয়েও তিনি বাড়িতে ফেরেননি।আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ঋণগ্রস্ত হয়ে ঈষিতার বাবা চার বছর আগে পরিবার ছেড়ে চলে যান। অসুস্থ মা ও পারিবারিক সংকটে মেয়েটি কঠিন পরিস্থিতিতে ছিল। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
