জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী পান্না বিবিকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী সৈয়দ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ ওরফে লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলামের বিয়ে হয়।
বিয়ের পর তাদের কোনো সন্তান না হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময় পারিবারিক কলহ ও ঝগড়াবিবাদ হতো।এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের জেরে সিরাজুল ইসলাম তার স্ত্রী পান্না বিবিকে গলায় রশি পেঁচিয়ে ও গলা কেটে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন পরদিন আক্কেলপুর থানায় মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত বুধবার এ রায় দেন।
