সোনাতলায় যুব দিবসে চেক ও সনদ বিতরণ করলেন এমপি রফিকুল ইসলাম
দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। তিনি বলেছেন, দেশের উন্নয়নে যুবসমাজের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। কেবল চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নিতে হবে।আজ রোববার (১ নভেম্বর) সকালে বগুড়ার সোনাতলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় যুবকদের মধ্যে মোট সাড়ে ৪ লাখ টাকার যুবঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করেন তিনি।দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক ও সেলিম রেজা বাবলা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুর রহমান হান্নান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিবুল মজিদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বালুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম।
মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবক-যুবতী, যুব সংগঠনের সদস্য এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।যুব দিবসের কর্মসূচির বাইরে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম জোড়গাছা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি।এ ছাড়া পল্লীশ্রী এনজিওর হোপ প্রকল্পের উদ্যোগে নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত জাতীয় প্রচারাভিযানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।