বগুড়ায় নান্দনিক নাট্যদলের ৪৩ বছর উদযাপন
নাটক শুধু বিনোদন নয়, শ্রেণি সংগ্রামের সুতীক্ষè হাতিয়ার এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় নান্দনিক নাট্যদলের গৌরবময় ৪৩ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী নান্দনিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া মহানগরের মালতিনগর এলাকায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মালতিনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এসময় উপস্থিত ছিলেন বগুড়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে এম আর ইসলাম স্বাধীন নান্দনিক নাট্যদলের দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং সাংস্কৃতিক অঙ্গনে সংগঠনটির অবদানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, নান্দনিক নাট্যদল শুধু নাট্যচর্চার মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি আমাদের সমাজ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মানবিক, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নান্দনিক নাট্যদলের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা করছি।নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী জানান, দুই দিনব্যাপী উৎসবে রয়েছে নানা আয়োজন। প্রতিদিন সন্ধ্যা ৭টায় মালতিনগর পূজা মণ্ডপ মাঠে নান্দনিক মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নাটক ও নৃত্যানুষ্ঠান।তিনি বলেন, দীর্ঘ ৪৩ বছর ধরে নান্দনিক নাট্যদল বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে নাট্যচর্চা ও সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে আসছে। এবারের উৎসবের মধ্য দিয়ে নাট্যচর্চাকে আরও বেগবান করার পাশাপাশি নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
