দৈনিক জয়যুগান্তরে সংবাদ প্রকাশের পর ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে গ্যারেজ নির্মাণ কাজ শুরু
ধুনটে হাসপাতালের ভেতরে বাইক পার্কিংয়ে রোগী চলাচল ব্যাহত বিষয়টি তুলে ধরে দৈনিক জয়যুগান্তর পত্রিকায় ও বগুড়া সংবাদ 24 এ সংবাদ প্রকাশের পর অবশেষে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন গ্যারেজ নির্মাণের কাজ শুরু হয়েছে।জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি যানবাহন সংরক্ষণের জন্য উপযুক্ত গ্যারেজ না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়তে হচ্ছিল সংশ্লিষ্টদের। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা সমালোচনা থাকলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে।
বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গ্যারেজ নির্মাণের কাজ পুরোদমে চলছে। সংশ্লিষ্টরা জানান, নির্মাণ কাজ শেষ হলে সরকারি যানবাহন সংরক্ষণ সহজ হবে এবং সেবার মান আরও উন্নত হবে।এ বিষয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে গ্যারেজটি ব্যবহারের উপযোগী করা হবে।এ বিষয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ কাদির বলেন“গ্যারেজ নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”এদিকে এলাকাবাসী গণমাধ্যমের এ ধরনের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন।
