গাবতলীতে মারপিট করে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বগুড়ার গাবতলীতে শত্রুতার জেরে মারপিট করে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানা যায়, গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের মেন্দিপুর গ্রামের মৃত আয়নালের ছেলে লালু মিয়া (২৮)-এর সঙ্গে একই উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের চকবেওয়া গ্রামের ছাইফুল ইসলামের মেয়ে তানিয়া সুলতানার প্রায় ৭ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।পারিবারিক কলহের জেরে গত বছরের ২৭ নভেম্বর লালু মিয়া তার স্ত্রীকে তালাক দিয়ে বিদেশে চলে যান।
বিষয়টি নিয়ে গত ১ মে আপোষ-মীমাংসা হয়।অভিযোগ অনুযায়ী, মীমাংসার শর্ত অনুযায়ী তানিয়া সুলতানা ও তার স্বজনরা গতকাল সন্ধ্যায় লালুর বাড়িতে গিয়ে মালামাল নেওয়ার সময় লালুর বোনদের মারধর করে রক্তাক্ত জখম করে।এ সময় নগদ ৩ লাখ টাকা ও ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন লালুর বোন আফরোজা আক্তার (৪৪) ও রজনী আক্তার (৪৬)।এ ঘটনায় গোলাপী আক্তার বাদী হয়ে তানিয়া সুলতানাসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।তদন্ত কর্মকর্তা জানান, পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।