Joy Jugantor | online newspaper

বগুড়ায় আরডিএ’র সাবেক মহাপরিচালক মতিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জ গঠন

নিজস্ব  প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৫, ২৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:১৬, ২৩ এপ্রিল ২০২৬

বগুড়ায় আরডিএ’র সাবেক মহাপরিচালক মতিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জ গঠন

বগুড়ায় আরডিএ’র সাবেক মহাপরিচালক মতিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জ গঠন

ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভুত ৭৩ লাখ ৯ হাজার ৪৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক এম এ মতিন (৬৫) এবং তার স্ত্রী সাবিনা আফরোজ (৬২) এর বিরুদ্ধে চার্জশিট গঠন হয়েছে। বৃহ্স্পতিবার দুপুরে বগুড়া জেলা বিশেষ জজ আদালতের বিচারক আয়েজ উদ্দিন দুর্নীতি দমন আইনে করা মামলায় এই রায় দেন। এ সময় অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন।এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি বগুড়ার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের  সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম অভিযুক্ত দুজনের বিরুদ্ধে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার দুদকের সরকারি কৌসুলি (পিপি) মাহবুবা খাতুন সুখী। তিনি জানান, আজকে এই মামলায় এম এ মতিন ও তার স্ত্রী সাবিনা আফরোজের বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভুর্ত সম্পদ অর্জনের অভিযোগে চার্জ গঠন হয়েছে।

এর মধ্যে আরডিএ’র সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক মতিনের বিরুদ্ধে ২৬ এর ২  ধারায় এই অভিযোগ গঠন হয়েছে। আর তার স্ত্রীর বিরুদ্ধে ২৬ এর ২ এবং ২৭ এর ১ ধারায় অভিযোগ গঠন হয়েছে। এখন তাদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে।   আদালত ও দুদক সূত্রে জানা যায়, এম এ মতিন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজারের মৃত আব্দুল হালিমের ছেলে এবং ওই আসামিদ্বয়ের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা মহানগরীর রমনার ১৩১ নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার ফ্লাট নং ৪/বি উল্লেখ করা হয়েছে। তিনি ২০১৪ সালের দিকে আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 

অভিযুক্তদের বিরুদ্ধে  তদন্ত করে জানতে পারে, সাবেক মহাপরিচালক মতিন তার দাখিল করা সম্পদ বিবরণীতে ২৯ লাখ ৯৮ হাজার ১১০ টাকা মূল্যের স্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। এম এ মতিন মিথ্যা তথ্য দেন এবং তার স্ত্রী সাবিনা আফরোজের ৭৩ লাখ ৯ হাজার ৪৯৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেন। মতিন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে কর্মরত অবস্থায় অবৈধ পন্থায় সরকারি ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। পরে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম এই মামলা দায়ের করেন। সেই মামলায় আজ আদালত চার্জ গঠন করেছেন।