চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু
রাজশাহীর চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে হলিদাগাছী এলাকায় এক নারীর মৃত্যু হয় এবং একই দিন গভীর রাতে নিমপাড়া ইউনিয়নের হবিবপুর এলাকায় সোহাগ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।ঘটনাটি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেলগেটের অদূরে পৌঁছালে প্রায় ৩৫ বছর বয়সী এক নারী ট্রেনের নিচে ঝাপ দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তার পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তা জানা যায়নি।
অন্যদিকে, একই দিন গভীর রাতে নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ওই এলাকার জুলুম প্রামানিকের ছেলে। স্থানীয়দের ধারণা, দুর্ঘটনাটি অসাবধানতাবশত ঘটতে পারে। পরে তার মরদেহ উদ্ধার করে দাফন করা হয়েছে।ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'
