Joy Jugantor | online newspaper

সোনাতলায় ১৪শ কৃষকের হাতে কৃষি প্রণোদনা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৩, ১৮ এপ্রিল ২০২৬

সোনাতলায় ১৪শ কৃষকের হাতে কৃষি প্রণোদনা

সোনাতলায় ১৪শ কৃষকের হাতে কৃষি প্রণোদনা

 বগুড়ার সোনাতলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আউশ ও উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।শনিবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভা ও প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৪শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য সহায়তা বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আউশ ধান, উফশী আমন ধান ও পাটের উৎপাদন বাড়াতে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এর আওতায় ১২০০ জন কৃষককে আউশ ধানের বীজ ও সার, পাট চাষিদের বীজ ও সার এবং ২০০ জন কৃষককে তিল চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের জন্য ৪ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে পাকুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি রাশেদুর রহমান হান্নান এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এ সময় বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাফিউল আযমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং চলতি মৌসুমে কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলবে।