বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে পান্তা ভাতের আয়োজন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।সংস্থার সভাপতি মিস অর্পনা প্রামানিকের সভাপতিত্ব মুখ্য আলোচক হিসেবে অংশ নেন সংস্থার উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডল। বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বের বাংলাভাষী মানুষের জন্য আজ একটি বিশেষ দিন। পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন লোক-উৎসব। আনন্দ আর উচ্ছ্বাসের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানোর দিন।
পুরনো বছরের সব দুঃখ, জরা, কষ্ট, অভিমান ভুলে জীবনকে নতুন করে সাজানোর প্রত্যয় নেয়ার দিন। বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ ঘটতে থাকে। কালক্রমে বর্ষবরণ অনুষ্ঠান এখন শুধু আনন্দ-উল্লাসের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি শক্তিশালী ধারক-বাহক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ'র নির্বাহী পরিচালক ও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তারসহ প্রমুখ। বাঙ্গালির ঐতিহ্য হৃদয়ে ধারণ করার প্রত্যয়ে সকালে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পান্তা ভাতের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
