আক্কেলপুরে তালা কেটে প্রবাসীর বাড়ি থেকে পাঁচ গরু চুরি
জয়পুরহাটের আক্কেলপুরে প্রায় ২০ ফিট উঁচু দেওয়াল টপকে ভেতরে ঢুকে তালা কেটে এক সৌদি প্রবাসীর পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি সোমবার দিবাগত রাতে(১৪এপ্রিল) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুসৃষ্টি গ্রামের প্রবাসী মোহসিন আলীর বাড়িতে ঘটেছে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়িতে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তান থাকতেন। তাদের গোয়ালে ছিল একটি ষাঁড় ও চারটি বকনা গরু। প্রতিদিনের ন্যায় গরুকে খাবার দিয়ে রাতে ঘুমানোর পরে সকালে উঠে দেখতে পায় বাড়ির ভেতরের দরজা বাহির থেকে আটকানো । পরে প্রতিবেশীদের ডাক দিলে প্রতিবেশীরা ভেতরে ঢুকে দরজা খুলে দেয়।
এ সময় তারা লক্ষ্য করেন গোয়াল ঘরে গরু নেই ও বাড়ির প্রধান ফটকের গ্রিল কাটা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের ধারণা, চোরেরা পরিকল্পিতভাবে বাড়ির প্রায় ২০ ফিট উঁচু দেওয়াল টপকে ভেতরে ঢোকে। পরে মূল ফটকের তালা কেটে গোয়ালঘরে প্রবেশ করে গরুগুলো নিয়ে যায়।ওই প্রবাসীর পিতা মোহাম্মদ আলী মন্ডল বলেন, চুরি যাওয়া গরু গুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ্য টাকা। তার পুত্রবধূ সহ কয়েকজন গরু গুলো খোঁজার জন্য বাইরে গেছেন। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ হয়নি। তবু পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
