জ্বালানি তেল সরবরাহ বজায় রাখতে ব্যবস্থা নিয়েছে সরকার-মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ বজায় রাখতে ব্যবস্থা নিয়েছে সরকার। সরকার জ্বালানির দাম বাড়ায়নি। বরং ভর্তুকি দিয়ে অতিরিক্ত দামে তেল কিনে এনে সরবরাহ দিচ্ছে। এ খাতে আগামী জুন পর্যন্ত সরকারের ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা। যাতে সাধারণ মানুষ কষ্টে না পড়েন।সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, তেল নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই। সবাই তেল পাচ্ছেন। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে। হয়তো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।অনুষ্ঠানে গাক চক্ষু হাসপাতালের সিনিয়র পরিচালক ড. মাহবুব আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।
গাক চক্ষু হাসপাতালের পরিচালক ডা. এইচ এস এম রেজাউন্নবী মন্ডল, উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারী পরিচালক জিয়া উদ্দিন সরকার, মিল্কভিটার পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর নিয়ে মীর শাহে আলম জানান, আগামী ২০ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক বগুড়ায় আসতে পারেন। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। এ উপলক্ষে প্রস্তুতি হিসেবে ঢাকা থেকে ১৫ এপ্রিল সংশ্লিষ্ট দল আসবেন।তিনি বলেন, মহাস্থান মোকামতলা এলাকায় একটি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কাজে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে।বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বহাল থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার চিন্তা করা হচ্ছে। সেখানে কৃষি, প্রকৌশল ও চিকিৎসা বিষয়ে শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।এদিন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শিবগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রাথমিকভাবে ৩০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার মোট ২ হাজার ২০০জন কৃষক এ সুবিধা পাবেন।
