নাটোরের গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল মা-মেয়ের
নাটোরের গুরুদাসপুরে ভোর রাতে অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরো দুজন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের মো. জান্টুর বাড়িতে ওই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, গোয়াল ঘরে রাখা কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।প্রতিবেশীদের চিৎকার-চেঁচামেচিতে ক্ষতিগ্রস্তদের ঘুম ভাঙে। এ সময় জান্টুর স্ত্রী গৃহবধূ আতিয়া খাতুন (২২) দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। বড় ছেলে এলাহীকে (৯) প্রথমে টেনে বের করে আনতে সক্ষম হলেও ছোট মেয়ে রওজাকে (২) রক্ষা করতে গিয়ে ছড়িয়ে পড়া আগুন থেকে বাঁচতে খাটের নিচে আশ্রয় নেন। পরে সেখানেই মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়।এ ঘটনায় জান্টুর মা মনেকা বেগম (৫৫) গুরুতর দগ্ধ হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন গৃহকর্তা জান্টুও। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের জা আল্পনা বেগম জানান, আগুনে পুড়ে তারসহ, শ্বশুর ও দেবরের ৩টি বসতঘর, একটি গোয়াল এবং একটি রান্না ঘর পুড়ে গেছে। প্রতিবেশী মিখজার আলী প্রামানিকের মুদি দোকান, ১টি ঘর ভস্মীভূত হয়েছে। এছাড়া ঘরের আসবাবপত্র, ফসল, ১২টি ছাগল, ২টি গরু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। এ সময় সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
